ভারত-চীনের মধ্যে ফুটবল হব না, তবে ফেয়ার প্লে নিশ্চিতে রেফারি হতে পারি

প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার জাতীয় স্বার্থ, ভারসাম্য ও বাস্তবমুখিতার ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা হবে জানিয়ে তিনি বলেন, আমরা ভারত ও চীনের মধ্যে কোনো ফুটবল হবো না। তবে ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা মাঝে মাঝে রেফারি হতে পারি। গতকাল শনিবার ‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)।

কূটনীতিক, শিক্ষাবিদ ও নীতি বিশেষজ্ঞদের বিভিন্ন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সরকার কোনো একক দেশের ওপর নির্ভরশীলতা এড়িয়ে চলবে। এর পরিবর্তে একটি ‘নমনীয় ও বহুমুখী’ কূটনৈতিক পন্থা অনুসরণ করা হবে। ঢাকা, বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, আমরা ভারত ও চীনের মধ্যে কোনো ফুটবল হবো না। ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা মাঝে মাঝে রেফারি হতে পারি, কিন্তু আমরা ফুটবল হবো না।