চট্টগ্রামে মিনিবাস চালক ও হেলপার অপহরণের ঘটনায় আটক চার
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রিজার্ভ ভাড়ার কথা বলে মিনিবাসের চালক ও হেলপারদের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে আনোয়ারার চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ‘হিউম্যান হলার’ মিনিবাস বরুমছড়া এলাকায় পৌঁছালে জরুরি রিজার্ভ ভাড়ার কথা বলে একদল যুবক গাড়িটি ভাড়া নেয়। পরে গাড়িটি বরুমছড়া এলাকায় পৌঁছার পর সশস্ত্র চক্রটি চালক মো. শহিদুল ইসলাম ও দুই হেলপারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মিনিবাসসহ একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। পরবর্তীতে অপহরণকারীরা গাড়ির মালিক শফিউল আলমের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং সরকারহাট গরুর বাজার এলাকায় টাকা নিয়ে আসতে বলে।
ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ অভিযান শুরু করে। প্রথমে উত্তর বরুমছড়া এলাকা থেকে এজাহারভুক্ত দুই আসামি মো. জাহেদ ও মো. ইমনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরুমছড়ার মোহাম্মদ আলীর টেক এলাকা থেকে অপহৃত মিনিবাসসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শুক্রবার গভীর রাতে তৈলারদ্বীপ এলাকায় আবারও অভিযান চালিয়ে অপহরণচক্রের আরও দুই সদস্য- বারখাইন তৈলারদ্বীপ ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নুরুল কবির এবং নুরুল মোমিন আরাফাতকে আটক করে পুলিশ।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
