অভিবাসনে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও ইতালি

প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আজ আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর বৈঠকে এ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। ইতালির রাষ্ট্রদূত তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন মানসম্মত পণ্য আমদানিতে ইতালির আগ্রহের কথা জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়। ইতালীয় পক্ষ বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্পযন্ত্রপাতি আমদানির আহ্বান জানিয়ে বলে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের শিল্পখাত আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে হুমায়ুন কবির ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশ সফর ও প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। উভয় পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে। বৈঠকে বিদ্যমান অভিবাসন সহযোগিতা পর্যালোচনা করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।