বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এনআইসিইউতে বিরল সাফল্য
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফলভাবে সুস্থ করে গতকাল বৃহস্পতিবার বাড়ি পাঠানো হয়েছে। গতকাল বিএমইউর শহিদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাবাছসুম পারভীন নবজাতকদের কোলে নিয়ে হাসিমুখে নবজাতকদের মা-বাবা ও স্বজনদের হাতে তুলে দেন। চিকিৎসকদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত বিরল ও চ্যালেঞ্জিং একটি ঘটনা। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী এ ঘটনাকে বিএমইউর বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং বিএমইউর অবস অ্যান্ড গাইনি বিভাগ, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ এবং নিওন্যাটোলজি বিভাগের চিকিৎসাসেবা ও চিকিৎসক-নার্সদের দক্ষতার প্রশংসা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
