দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা : ডিএসসিসি প্রশাসক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, ‘১৯৭১ সালে যেমন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, আজও তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ করতে তারা রাজপথে নেমেছেন।’ একজন মুক্তিযোদ্ধা ও ডিএসসিসি প্রশাসক হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা একদিন চলে যাব, কিন্তু মুক্তিযোদ্ধা প্রজন্মকেই দেশের দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলীয়ান হয়ে দেশের জন্য নিজেদের গড়ে তুলতে হবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি