টেলিটক আছে বলেই অন্যরা ইচ্ছামতো দাম বাড়াতে পারে না
বললেন টেলিযোগাযোগ মন্ত্রী
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক আছে বলেই বেসরকারি অপারেটরগুলো ইচ্ছামতো দাম বাড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই। এটি আছে বলেই বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকে। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে’ শিরোনামে গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। রাষ্ট্রায়ত্ত এ মোবাইল অপারেটরকে আরো শক্তিশালী করতে বিনিয়োগ ও সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে কাজ চলার কথা বলেন মন্ত্রী। বৈঠকে বিপুল বিনিয়োগের পরও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের লাভজনক হতে না পারার বিষয়টি নিয়ে আলোচনা হলেও মাহবুব আনাম প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তার পক্ষেই কথা বলেন।
পথচলার ২১ বছর সত্ত্বেও টেলিটকের পরিস্থিতিকে ‘নাবালক দশা’ বলে বর্ণনা করেন প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের। তিনি বলেন, একটা কোম্পানি দাঁড়াতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে। কিন্তু ২১ বছর পার হওয়ার পরও টেলিটক এখনো অপরিপক্ব। এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। ‘রসিকতা করে’ খালেদ আবু নাসের বলেন, ছোটবেলায় নাম রাখছে নাবালক নিয়া, বয়স বেড়ে বুড়ো হয়ে গেলেও সে নাবালকই রয়ে গেছে। বর্তমানে টেলিটকের কাছে তরঙ্গ ফিসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যেই সম্প্রতি অপারেটরটিকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে বিটিআরসি।
টেলিকম ও ডিজিটাল খাত নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। প্রতিটি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।
