‘ফ্যামিলি কার্ড’ পেল রাজশাহীর ৬৬৯ পরিবার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন। গতকাল শনিবার বিকালে এই কার্যক্রমের আওতায় চাঁদপুর সদরসহ দেশের ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সঙ্গে সঙ্গে সারা দেশের ২০টি এলাকার ১৪ হাজার ৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে ভাতার অর্থ পৌঁছে যায়। একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের (বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া, দরগা পাড়) ৬৬৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।
রাজশাহী শহরের বায়া সরকারি শিশু পরিবার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগীরাও ছিলেন।
