ইমাম আযম কনফারেন্সে বক্তারা

ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইমাম আযম কনফারেন্সে বক্তারা বলেছেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। তারা বলেন, ইসলামে যে কোনো ধরনের চরমপন্থা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পূর্ণ হারাম। কোরআনের শিক্ষা অনুযায়ী, অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যার শামিল। ইমাম আবু হানিফা নোমান বিনতে সাবেত (রহ.) স্মরণে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ছিপাতলী দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের উদ্যোগে ও আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদের ব্যাবস্থাপনায় আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্ কাদেরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, ড. আল্লামা সৈয়দ আব্দুল্লাহ আল্ মারুফ, আল্লামা মুহাম্মদ আবুল কাসেম নুরী, ড. মুহাম্মদ আবদুল করিম, অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, ড. আহসান উল্লাহ (আহসান সাঈদ) মাওলানা মোহাম্মদ শফিউল আজম ড. মাহবুবুর রহমান, ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, ড. আল্লামা মুহাম্মদ সৈয়দ ইমদাদ উদ্দিন নেজামপুরী, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী প্রমুখ। বক্তারা ইসলামকে জীবনঘনিষ্ঠ, সহজ ও বাস্তবমুখী করতে ইমাম আবু হানীফা (রহ.)-এর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বলেন, মানুষ ফিকহশাস্ত্রে ঘুমন্ত ছিল ইমাম আজম আবু হানিফা জাগ্রত করেছেন। তিনিই ফিকহ শাস্ত্রের দ্বার উন্মোচন করেন। আগামীতে যেন এ কনফারেন্স আরও ব্যাপক আকারে করার সঙ্গে সঙ্গে একটি স্মারকগ্রন্থ প্রকাশ ও বিষয়ভিত্তিক আলোচনার দাবি জানান।