দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে আজ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
এবার পবিত্র ঈদুল আজহা কবে উদ্যাপিত হবে জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়। আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সভায় সভাপতিত্ব করবেন।
জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।
