সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
গতকাল বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।
হজ বুলেটিনে বলা হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানের পাশাপাশি আরও দুটি এয়ারলাইন্সের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। হজ বুলেটিন অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ছয়জন নারী। এসব হজযাত্রীদের ১৪ জন মক্কায় এবং সাতজন মদিনায় মারা গেছেন। বুলেটিনে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ২০ হাজার ২৮৮ জনকে সেবা দিয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৭৩ হাজার ৯৩৫ জন।
