এনসিসি ব্যাংক-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল এর সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসভিপি এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন এবং এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে ১,১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পান। ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকাণ্ডখাওয়া, অপারেশন (ফ্যাকো মেশিনে) এবং পরবর্তী ওষুধ ও কালো চশমা দেওয়া হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে উক্ত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশে বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ফেনী জেলার অসহায় ও দুঃস্ত মানুষেরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পাবেন।’ চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে না বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মতো মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে আসছে। উক্ত আয়োজনে ব্যাংকের পাশে থাকার জন্য বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যাংকের এই ধরনের কর্মকান্ড চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
