
রাশিয়ায় নির্মাণ ও ফ্যাক্টরি কর্মীর ভিসায় গিয়ে ৩০ জন বাংলাদেশিকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। তারা দ্রুত সময়ের মধ্যে সুস্থ অবস্থায় আটকে পড়াদের ফেরত চেয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন। গত রোববার প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ করেন তারা।
সন্তান রিপন হোসেনকে ফেরত চেয়ে তার মা রিনা বেগম বলেন, আমার ছেলে তার বন্ধুর সঙ্গে জাবালে নুর এজেন্সিতে যায়। সেখানে তারা দুইজনই টাকা জমা দেয়। টাকা জমা দেওয়ার পর এজেন্সি আমাদের অনেকদিন ঘুরিয়েছে। পরে হঠাৎ করে এজেন্সি থেকে ভিসা হওয়ার কথা জানানো হয়। নির্মাণ কাজের ভিসা নিয়ে গত ৭ তারিখ রিপন ও তার বন্ধুসহ ৩০ জন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তিনি জানান, সেখানে পৌঁছানোর পর তিন-চারদিন কথা হয়েছে। এরপর আর কোনো কথা হয়নি। কারণ, ওদের কাজের কথা বলে যুদ্ধের ট্রেনিংয়ে নিয়ে গেছে। এখন ওদের যদি উদ্ধার করতে হয়, তাহলে ট্রেনিং অবস্থায় উদ্ধার করতে হবে। না হলে আর উদ্ধার করা যাবে না। এসময় প্রধানমন্ত্রীর কাছে নিজের সন্তানকে ফেরত চাওয়ার দাবিও জানান তিনি। আরেক ভুক্তভোগীর ভাই রায়হান কবির বলেন, আমার কাছে এক হাজার মানুষের তথ্য আছে, যাদের সরকার অনুমোদন করেছে কিন্তু তারা প্রত্যেকে এখন যুদ্ধে আছে। আবার যে কোম্পানির নামে তারা যাচ্ছে, সেই নামের কোম্পানির কোনো অস্তিত্বই রাশিয়াতে নেই। তিনি দাবি করেন, তাদের সুস্থভাবে ফিরিয়ে আনতে হবে। আর এর জন্য রাশিয়ার দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যৌথভাবে পদক্ষেপ নিতে হবে।