বাজেটে করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার দাবি জামায়াতের
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত বাজেটবিষয়ক মতবিনিময় সভায় ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্তমানে এই সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। গতকাল রোববার অনুষ্ঠিত ওই সভায় দলটির পক্ষ থেকে করপোরেট করহার গড়ে ১৯ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি তামাক ও মাদকের ওপর বর্তমান করহার বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে জিডিপির অনুপাতে কর বাড়ানোর প্রয়োজন নেই বলেও মত দেয় দলটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ডিন একেএম ওয়ারেসুল করিম। প্রবন্ধে বলা হয়, জামায়াত বড় বাজেটের পরিবর্তে মানসম্মত ব্যয় ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক সুশাসন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ছাড়া অর্থের অপচয়, দুর্নীতি ও অদক্ষতা দূর করা সম্ভব নয় বলে মত দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, কর আহরণ বাড়ালে কর্মসংস্থান কমে যায় এবং ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পায়। তাই কর-জিডিপি অনুপাত না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া উচিত।
