আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার চতুর্থ শ্রেণির ইংরেজি ভার্সনের ছাত্র ঈসা বিন জাহান জায়ানকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন জাহানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য দুই আসামি হলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার শারীরিক শিক্ষার শিক্ষক মাহবুবুর রহমান ও প্রতিষ্ঠানটির বাংলা ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত নাসিম আকাশ।
গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রওনক জাহান তাকি’র আদালতে এ মামলা দায়ের করেন ঈসা বিন জাহান জায়ানের মা আয়েশা সিদ্দিকা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রিপন হোসেন বাসস-কে এ তথ্য জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদীর ছেলে ঈসা বিন জাহান জায়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত নাসিম আকাশ বিভিন্ন সময় তাকে ‘কিশোর গ্যাং’ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন ও র্যাগিং করতো। এ বিষয়ে গত ১৫ জানুয়ারি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে অভিযুক্ত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বাদীর ছেলেকে মারধর ও হত্যার হুমকি দেয়। মামলার আসামি রওশন জাহান ও মাহবুবুর রহমান অভিযুক্ত আকাশের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়া ঈসা বিন জাহান জাইয়ানকে আকাশের থেকে দূরত্ব বজায় রাখতে বলেন তিনি।
মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, গত ২০ মে দুপুরে টিফিন ও নামাজের সময় আকাশসহ ১০ থেকে ১২ জন বাদীর ছেলেকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে স্টিলের চাপাতি দিয়ে চোখের পাশে ও কপালে আঘাত করে এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
