পাটুরিয়ায় সতর্ক ঈদযাত্রা

যাত্রী নামিয়ে যানবাহন উঠছে ফেরিতে

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। গতকাল রোববার সকাল ১০টায় ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ২০-৩০ মিনিট অপেক্ষা করেই ফেরিতে উঠতে পারছেন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে, রোজার ঈদে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে পড়ে গিয়ে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

দুপুরে পাটুরিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম। এ সময় পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ কে এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে কে এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে যাত্রীবাহী বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরিতে তোলা হচ্ছে। নৌ পুলিশের ৩৪ জন সদস্য ঘাট এলাকায় দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে পাঁচটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি ঘাট এলাকায় ঢাকা ফেরত গরুবাহী ট্রাকের চাপও রয়েছে।

ঢাকার উত্তরা হাটে ১৬টি কোরবানির ষাঁড় নামিয়ে খালি ট্রাক নিয়ে কুষ্টিয়া যাচ্ছেন চালক সৈকত হোসেন। ৩ নম্বর ঘাট এলাকায় তিনি বলেন, ৪০ মিনিট অপেক্ষার পর তিনি ফেরিতে উঠতে যাচ্ছেন। আবার রাতেই গরু নিয়ে ঢাকা যাবেন। রাজবাড়ী সদরে যাচ্ছেন কালাম খান। তিনি বলেন, তেমন ভোগান্তি নেই। ৩০ মিনিট অপেক্ষার পর ফেরিতে উঠতে যাচ্ছেন তিনি। কালাম বলেন, “সব যাত্রী আগেই বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে।”