ঈদুল আজহায় বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার থেকে আগামি রোববার (৩১ মে) পর্যন্ত টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন সোমবার সকাল ৯টা থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে।
তবে ঈদের ছুটিতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ঈদ উপলক্ষে সাতদিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন।
