জামালপুরে মহাসড়ক অবরোধের ৩ ঘণ্টা পর প্রত্যাহার

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জামালপুর প্রতিনিধি

জামালপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর প্রত্যাহার করেছে স্থানীয়রা।

গতকাল সোমবার দুপুর ১টার দিকে পৌর শহরের বাইপাস এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলেন স্থানীয়রা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকেল ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার।

শতশত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।