গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’ বসানো হলো দুটি ফ্যান

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছে অ্যালবিনো বৈশিষ্ট্যের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। গরম থেকে স্বস্তি দিতে তার পাশে দুটি স্ট্যান্ড ফ্যানে রেখে বাতাস দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। এমনকি নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে। গতকাল রোববার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

ভাইরাল মহিষটি চিড়িয়াখানায় আনার পর ঈদুল আজহার দিন থেকে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তাকে একনজর দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানায় ভিড় করছেন। গতকাল সকাল ১০টার পর থেকেই চিড়িয়াখানার টিকিট কাউন্টারে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানায় প্রবেশ করেন। অনেকে চিড়িয়াখানায় ঢোকার সময় জানতে চাইছেন ‘ডোনাল্ড ট্রাম্প মহিষের খাঁচা কোনদিকে?’ বা ‘কোন দিকে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প মহিষকে?’। চিড়িয়াখানায় দায়িত্বরত ব্যক্তিরা হাত দেখিয়ে জানিয়ে দিচ্ছিলেন খাঁচাটির অবস্থান।

চিড়িয়াখানায় বাঘের খাঁচা পার হয়ে এল ০৭ নাম্বার খাঁচায় দেখা যায় মহিষটিকে। মহিষটিকে খাঁচার ভেতরে বিশ্রাম নিতে দেখা যায়। খাঁচার সামনে ছিল দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীদের মধ্যে কয়েকজন বলে উঠেন, এত দূরে মহিষটা আছে, ঠিকমতো দেখা যায় না। বিশাল খাঁচাটির মধ্যে ফাঁকা জায়গায় টিনের ছাউনির নিচে বসে ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। গলায় রশি বাঁধা। তার পাশে রাখা আছে দুটি স্ট্যান্ড ফ্যান ও একটি পানির ট্যাংকি। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খেয়ে থাকে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে তার খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মুহিন উদ্দিন বলেন, ‘ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখেছিলাম। সরাসরি দেখার আগ্রহ থেকেই বন্ধুদের নিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যেও পরিবেশটা বেশ উপভোগ করছি।’

ঢাকার দক্ষিণখানের একটি মাদ্রাসা থেকে চিড়িয়াখানায় ঘুরতে আসে জুবায়ের ও তাহমিদ। জুবায়ের জানান, এর আগেও চিড়িয়াখানায় এসেছেন তিনি। আজকে জেনেছেন চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প নামে একটি মহিষ আছে। জুবায়ের বলেন, ‘এ ধরনের গোলাপি রঙের মহিষ আগেও দেখেছি। তবে এই মহিষের চুল নাকি ট্রাম্পের মতো দেখতে। এ জন্য দেখতে এসেছি।’

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন।

এদিকে, গতকাল সকাল থেকে ঢাকায় প্রচণ্ড গরম পড়েছে। দুপুরে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ।