বিদ্যুৎ সাশ্রয়ে আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে দোকানপাট
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
কোরবানি ঈদের জন্য ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল।
গতকাল সোমবার বিদ্যুৎ বিভাগের এ বিষয়ক নির্দেশনায় একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।
এতে দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ওই সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছে।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রথমে ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকান পাট বন্ধের নির্দেশনা দেয় সরকার।
পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
ঈদের সময় ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি করলে তা রাত ১০টা পর্যন্ত করা হয়।
ঈদের ছুটি শেষে সেই বিশেষ ব্যবস্থা শেষ হওয়ায় ১ জুন থেকে আগের নির্দেশনা আবার কার্যকর করার কথা বলা হয়েছে এদিনের নির্দেশনায়।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকার এর আগেও একাধিকবার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আলোকসজ্জার সময়সীমা নির্ধারণ করেছিল। এবারও বিদ্যুৎ বিভাগের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম জোরদারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি তাপপ্রবাহ, সেচ মৌসুম ও বাড়তি চাহিদার কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। যদিও সরকার বলছে, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের বছরের তুলনায় উন্নত রয়েছে, তারপরও সাশ্রয়মূলক পদক্ষেপ অব্যাহত রাখা হচ্ছে।
