ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় থানার ফেসবুকে ওসিকে লিগ্যাল নোটিশ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি ও পরিচয় প্রকাশের অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের এসপিকে বিবাদী করা হয়েছে।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের (জাতীয় আইনজীবী পরিষদ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি চকরিয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ওই ঘটনার জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। আইনজীবীর দাবি, ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয়, ছবি কিংবা এমন কোনো তথ্য প্রকাশ করা যা দ্বারা তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, তা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থি। হাইকোর্ট বিভাগ সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন যে, ধর্ষণ ও যৌন নিপীড়নের ভিকটিমদের ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
