বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে
বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়েছিল মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আবারো তারা একই ফাঁদে পড়েছে।
তিনি বলেছেন, ‘বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কয়েকদিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দিয়েছে। আবারো তারা আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।’
গতকাল শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকারপ্রধানকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, ‘যারা আজ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তারাই আপনার বাবার হত্যাকারী, আপনার মায়ের ওপর নির্যাতনের জন্য দায়ী। তারাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকারী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীও তাদের হাতে নির্যাতিত ও নিহত হয়েছে।’
বক্তব্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা ট্র্যাজেডিসহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনার বিচারের দাবি তোলেন এনসিপির এ নেতা।
অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ ‘শতাধিক নেতাকর্মী’ এনসিপিতে যোগ দিয়েছে বলে আয়োজকরা দাবি করেছেন।
এনসিপির মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফা তুহিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদস্য সচিব ইমাদুল ইসলাম সঞ্চালনা করেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর জেলা এনসিপির নেতা মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানও বক্তব্য দেন।
