মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চেয়ে রিটের পরবর্তী শুনানি আজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের লাশ উদ্ধারের ঘটনায় তার মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন চেয়ে করা রিটের ওপর পরবর্তী শুনানির জন্য আজ মঙ্গলবার দিন রেখেছেন হাইকোর্ট। শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার পরবর্তী এই দিন ধার্য করেন।

মরদেহ উদ্ধারের পর নূর জাহান বেগমের মৃত্যুর কারণ নির্ণয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিচে নন, এমন একজন বিচারিক কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে ৩ জুন ওই রিট করা হয়। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবী আবেদনকারী হয়ে রিটটি করেন।