বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’

বাবা, নানা, নানি, খালার জবানবন্দিতে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ‘ধর্ষণের’ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদণ্ডউল আলম চৌধুরী মারুফ বলেন, শুরুতে মামলার বাদী, ওই শিশুটির বাবা সাক্ষ্য দেন। এরপর শিশুটির নানি, নানা, খালা এবং শিশুটির পরিবার যে কলোনির বাসিন্দা সেখানকার কেয়ারটেকার সাক্ষ্য দেন। তারপর বেলা সোয়া ১টায় নামাজের বিরতিতে যায় আদালত। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সাক্ষীদের জেরাও করেন। বিরতির পর আরো চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

সাক্ষ্যগ্রহণের বিরতি চলাকালে আসামি মনির হোসেনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জি এম জাহেদ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় শিশুটির বাবা, যিনি মামলার বাদী, তিনি ছিলেন ঢাকায়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী শিশুটি নানি। তিনিও ‘আই উইটনেস’ নন। ‘শিশুটির নানি জেরায় জানিয়েছেন, আসামি মনির হোসেন শুরুতে কিছু স্বীকার করেননি। এলাকাবাসী মারধর করে স্বীকারোক্তি নিয়েছে।’ তাহলে আসামি মনির হোসেন যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল সে বিষয়ে জানতে চাইলে আইনজীবী জি এম জাহেদ হোসেন বলেন, ‘শয়তানের প্ররোচনায় সে এই কাজ করেছে বলেছিল। তবে ধর্ষণ নয়, শিশুটির লজ্জাস্থানে আঙুল দিয়েছে বলে অভিযোগ। মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য ও জেরা করা হলে বুঝা যাবে আসামির কতটুকু দোষ আছে। এবং মেডিকেল অফিসারের সাক্ষ্য ও জেরায় জানা যাবে আসামির প্রকৃত অপরাধ কী। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি সাজা পাক।