সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় কোম্পানি নিবন্ধনের ঘোষণা

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজ, দ্রুত, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে বিভিন্ন খাতভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে কোম্পানি নিবন্ধনের কাজ ৪৮ ঘণ্টা এবং আবেদন জমা থেকে শুরু করে লাইসেন্স দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাতদিনের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ-সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন। এবারের বাজেটে সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ব্যবসায় সহায়ক পরিবেশ উন্নয়নে বিনিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সময়, ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ায় অনলাইনভিত্তিক, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। আবেদন জমা থেকে শুরু করে লাইসেন্স দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাতদিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, কোনো অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা মতামত, অনাপত্তি, ছাড়পত্র বা নাদাবি সনদ না দিলে, প্রযোজ্য ক্ষেত্রে তা সম্মতি হিসেবে গণ্য করে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।