বরগুনায় চিরকুট লিখে ব্যারাকে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলী থানার ব্যারাকে গ্যাস ট্যাবলেট খেয়ে পুলিশের এক কনস্টেবল ‘আত্মহত্যা’ করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল রোববার সকালে থানার ব্যারাক থেকে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম। মৃত ফারুক হোসেন গাজী (৫৫) ঝালকাঠির রাজাপুর থানার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে ভোরে থানার ব্যারাকে গিয়ে ঘুমিয়ে পড়েন কনস্টেবল ফারুক গাজী। এর মধ্যে সকালে কোনো এক সময় তিনি ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেন। কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা টের পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আত্মহত্যার আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে চিরকুটে কী লেখা ছিল বা আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ কী, তা তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ।

ওসি সাইদুল ইসলাম বলেন, ফারুক বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে; তবে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।