বুড়িগঙ্গায় তরুণের লাশ, পকেটে জাবির পরিচয়পত্র
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বছিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার পকেটে পাওয়া পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ ধারণা করছে, ওই তরুণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকতে পারেন। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত সুপার মাহফুজুর রহমান বলেন, গতকাল রোববার বিকাল ৫টার দিকে মরদেহটি তারা উদ্ধার করেন। ‘দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মুখমণ্ডল ও পেট ফুলে বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মরদেহের সঙ্গে পাওয়া আলামতের ভিত্তিতে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’
পুলিশ জানায়, ওই তরুণের প্যান্টের পকেট থেকে একটি শিক্ষার্থী পরিচয়পত্র, কয়েকটি কাগজপত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দীপ মজুমদারের। এছাড়া তার অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। মাহফুজুর রহমান বলেন, ‘লাশের সঙ্গে পাওয়া কাগজপত্র থেকে একটি মোবাইল নম্বর সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যার সঙ্গে কথা হয়েছে তিনি নিজেকে দীপের বাবা বলে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত শুক্রবার থেকে দীপ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।’ নৌ পুলিশের দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে সন্ধ্যা ৭টার দিকে অপর প্রান্ত থেকে নিজেকে দীপের বাবা পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। একটু পরে আসাদগেটে নামব।’ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
