মেলোনির ছবি তোলা বিতর্কে উত্তেজনা বাড়ালেন ট্রাম্প

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জি৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে লক্ষ্য করে নতুন করে মন্তব্য করে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এ বিরোধকে ইরান যুদ্ধ ও ন্যাটো নিয়ে দুই দেশের মতপার্থক্যের সঙ্গেও যুক্ত করেছেন। এই বিরোধ ট্রাম্প ও ইউরোপের অন্যতম প্রভাবশালী ডানপন্থি নেতা মেলোনির মধ্যে এক অস্বাভাবিক ব্যক্তিগত দূরত্ব তৈরি করেছে। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর মেলোনি নিজেকে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এর আগে ট্রাম্প ইতালীয় টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ফ্রান্সে অনুষ্ঠিত এ সপ্তাহের জি৭ সম্মেলনে মেলোনি তার কাছে ছবি তোলার জন্য ‘অনুরোধ করেছিলেন’। তিনি বলেন, ‘আমি তার জন্য মায়া অনুভব করেছিলাম বলেই রাজি হয়েছিলাম।’

মেলোনি এ অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে একে ‘মনগড়া’ বলে অভিহিত করেন। তবে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সম্মেলন চলাকালে মেলোনি ‘বারবার’ তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইতালি সমর্থন না দেওয়ার পর অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে মেলোনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

তিনি লেখেন, ‘এখন, যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে পরাজিত করার পর তিনি আবার বন্ধু হতে চান, যাতে তার জনপ্রিয়তার হার বাড়ে। না, ধন্যবাদ!’

ট্রাম্প দাবি করেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা কমে যাচ্ছে।