ভারি বৃষ্টির আভাস

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “ভারি বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরাঞ্চলে বেশি রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও ভারি বর্ষণ হতে পারে।” ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বর্ষণ বলা হয়।

এদিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৪৫ মিলিমিটার। এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।