ইতালিতে কাজ না পেয়ে প্রবাসীর আত্মহত্যা, লাশ পাঠাচ্ছে দূতাবাস
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পরিবারের দারিদ্র্য দূর করে স্ত্রী ও তিন কন্যাসন্তানের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ৩৫ লাখ টাকা খরচ করে ইতালিতে পাড়ি দিয়েছিলেন জিন্নাত খান খোকন।
তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই শুক্রবার দেশটির কাতানিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে এ বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসে গিয়ে কাজ না পাওয়া এবং দেশে থাকা ঋণের চাপের কারণে সৃষ্ট মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহত খোকন বাগেরহাট সদর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত লুৎফর রহমান খানের ছেলে।
নিহতের স্ত্রী সুমি বেগম জানান, পরিবারের সচ্ছলতার আশায় নিজের বসতভিটা বিক্রি ও সুদে ঋণ নিয়ে প্রায় ৩৫ লাখ টাকা জোগাড় করে গত বছর সেপ্টেম্বরে দেশ ছাড়েন খোকন। দালালচক্রের মাধ্যমে প্রথমে বৈধ ভিসায় বুলগেরিয়া গেলেও পরে সেখান থেকে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে তাকে ইতালিতে প্রবেশ করানো হয়।
কিন্তু ইতালিতে পৌঁছানোর পর দীর্ঘসময় পার হলেও তিনি কোনো স্থায়ী কর্মসংস্থান বা বৈধ কাগজপত্রের ব্যবস্থা করতে পারেননি। একদিকে প্রবাসে বেকারত্ব ও অর্থনৈতিক সংকট, অন্যদিকে দেশে পাওনাদারদের চাপ ও ঋণের কিস্তি- সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। খোকনের পরিবার জানায়, ইতালি থেকে লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করার মতো সামর্থ্য তাদের নেই। শেষবারের মতো খোকনের মুখ দেখতে তার স্ত্রী সরকার ও রোম দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
