এখন কি বলতে পারব উনি ঋণ খেলাপি

আসলাম চৌধুরীকে নিয়ে জামায়াতের এমপি

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের বিষয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান বলেছেন, আজ ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব, উনি ঋণ খেলাপি ছিলেন?

গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিন পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন তিনি।

‘ঋণখেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে’- স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এমন বক্তব্য নিয়ে গত ১৮ জুন সংসদে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্কের এক পর্যায়ে স্পিকার আদালতে বিচারাধীন বিষয় উল্লেখ করে রুলিং দিয়ে বলেন, যে ব্যক্তি এখানে অনুপস্থিত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, এ বিষয়ে কথা বলার সুযোগ নেই, পয়েন্ট অব অর্ডার হয় না।

জুয়া সংক্রান্ত বিল পাসের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওই বিষয়টির দিকে ইঙ্গিত করে নাজিবুর রহমান বলেন, কয়েকদিন আগে আমাদের একজন সংসদ সদস্য আপনার (স্পিকার) কাছে জানতে চেয়েছিলেন, সংসদে কোনো ঋণখেলাপি আছে কি না? তখন আপনি বলেছিলেন, বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না। আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব উনি ঋণ খেলাপি ছিলেন?

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হলো না। একজন সদস্যের সদস্য পদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।