শেয়ারবাজারে দর সংশোধনের দিনে কমল লেনদেনের পরিমাণও

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

টানা ছয় কার্যদিবস উত্থানের পর চলতি সপ্তাহের শেষদিনে গতকাল বৃহস্পতিবার দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স পতনের বৃত্তে বাঁক নিয়েছে। এদিনে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর সংশোধন হয়েছে। আর এই দর সংশোধনের দিনে কমেছে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষকরা বলছেন, টানা কয়েকদিনের উত্থানে অনেকগুলো শেয়ারের দাম বিনিয়োগকারীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেছে। এতে আজ সপ্তাহের শেষদিনে অনেকে মুনাফা তুলেছেন। তবে, আজকের এই দর সংশোধনের ফলে আগামী সপ্তাহে নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হলো বলে মনে করছেন অনেকে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৮৫টির দাম। আর দিনশেষে ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশি সংখ্যক সিকিউরিটিজের দাম কমায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে।