সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে এবং কয়েকটি নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বৃহস্পতিবার বিকালে বলেন, ‘লঘুরচাপটি বড়জোর নিম্নচাপ হতে পারে, তাও সম্ভাবনা কম। এটা মৌসুমী নিম্নচাপও হতে পারে হয়ত। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই।’

তিনি বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে। ‘এটার ফলে মূলত বৃষ্টিটাই বাড়বে। শনিবার থেকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে।’

কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সংকেত

সমুদবন্দরের পাশাপাশি দেশের কয়েকটি জেলার নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নদীবন্দর সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, এদিন দুপুর সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।