সন্দ্বীপে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা
জড়িতকে শনাক্তে অভিযানে পুলিশ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি জনসমক্ষে আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। প্রাণীটি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেও সেটিকে দীর্ঘসময় পানির নিচে আটকে রাখা হয়। আশপাশে থাকা কয়েকজন কুকুরটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও অভিযুক্ত ব্যক্তি তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে কুকুরটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেটিকে পানি থেকে তুলে আনা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সাংবাদিক আলী হোসাইন জানান, ঘটনাটি সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ঘটেছে। তিনি বলেন, উপস্থিত সাধারণ মানুষ কুকুরটিকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করেন এবং প্রাণীটিকে পানিতে ডুবিয়ে রাখেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। গতকাল থেকেই তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
