মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বের হয়ে আর গন্তব্যে পৌঁছানো হলো না চাচি-ভাতিজির। পথে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা দুজন। এ ঘটনায় ভ্যানচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড এলাকার মোড়লকান্দি মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবচর উপজেলার জিনার গেট মাদবরকান্দি এলাকার হারুন মাদবরের ৯ বছর বয়সী মেয়ে আয়শা এবং একই এলাকার খায়রুল মাদবরের স্ত্রী মাহিমা আক্তার (৩৫)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।
আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক লিটন (১৯)। তিনি শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকার হায়দারের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শিবচর থেকে কুতুবপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ম ১১-৫৮৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়শা ও মাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভ্যানচালক লিটনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজন যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
