হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে। গত শনিবার বিকাল সাড়ে ৩টায় সময় মূল ভূখণ্ড ও হাতিয়ার দ্বীপ অংশের মধ্যে চলাচলকারী ফেরি মহানন্দায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত আর নলচিরা ঘাট মেঘনা নদীতে দ্বীপ অংশের সঙ্গে যুক্ত ফেরিতে নৌপথটি পাড়ি দিতে সাধারণত দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকালে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি মহানন্দা এর বেশ কিছুক্ষণ পরে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূর মাঝনদীতে চলে গিয়েছিল। কিন্তু সংসদ সদস্যকে নেওয়ার জন্য ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। তখন হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা ফেরিতে উঠেন এবং ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।