৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিল ইউএস-বাংলা

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে সৌদি আরবে ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্যে ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের অনুমতিও চেয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। চিঠিতে ইউএস-বাংলা জানায়, বেসরকারি বিমান সংস্থা হিসেবে হজযাত্রীদের স্বল্প খরচে উন্নত সেবা দেওয়ার সক্ষমতা রাখে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে হজ ফ্লাইট পরিচালনায় বিমান ভাড়াই সবচেয়ে বড় ব্যয়ের খাত। গত বছর একটি হজ টিকিটের ভাড়া ছিল ১ লাখ ৫৯ হাজার ৬৩০ টাকা। সংস্থাটির দাবি, হজ ফ্লাইট পরিচালনার সুযোগ পেলে তারা নেট বিমানভাড়া ৯৮ হাজার টাকায় নামিয়ে আনতে পারবে। এতে ট্যাক্স, বিভিন্ন চার্জ ও এজেন্সি কমিশন বাদে মূল বিমান ভাড়ার অংশ উল্লেখযোগ্যভাবে কমবে, যা হজযাত্রীদের সার্বিক ব্যয় কমাতে সহায়ক হবে। ইউএস-বাংলা জানায়, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।