মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদণ্ডআপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ- এ নীতিকে সামনে রেখেই কাজ করছে সরকার।
গতকাল শনিবার পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের মধ্যে ঘর প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে।
এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে।
এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
