জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে
বললেন মামুনুল হক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়।’
গতকাল শনিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লব নিয়ে বিএনপি গাদ্দারী করছে। ৬৯ শতাংশ জনগণের রায়কে শ্রদ্ধা না জানিয়ে নিজেদের মতো করে ভুলভাল বুঝিয়ে জাতির সঙ্গে বেঈমানী করছে কিন্তু আপনারা জানেন এক মাঘে কখনও শীত যায় না। মাঘ প্রতি ঋতুতে আসে আর যায়। বিএনপি আওয়ামী লীগের মতো চায় দ্বিজাতীয় রাজনীতি এ দেশে চালু থাকুক কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে। বাংলার মাটিতে কখনও এই দ্বিজাতীয় রাজনীতির স্থান হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই শহিদ এবং আহতদের রক্তের সঙ্গে যারা বেঈমানী করবে তাদের সঙ্গে কোনো আপস নেই। যারা দেশ ও জাতির শত্রু, তারা কখনও জাতির বন্ধু হতে পারে না। তাই গণভোটের রায়কে বাস্তবায়নে আর কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর করতে হবে।
তিনি বলেন, বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। তাতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯ শতাংশ গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কার্পণ্যতা, শৈথিলতা বা অবহেলার কোনো সুযোগ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে এ দেশছাড়া করবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সূচনা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ্তি ঘটেছিল ৩৬ জুলাই ২০২৪। ৩৬ জুলাই ছিল একটি চেতনা ও পরিবর্তনের নাম। জুলাই আন্দোলনের রূপরেখা ছিল ফ্যাসিস্ট উচ্ছেদ, বৈষম্য শেকড়ে উপড়ে ফেলা এবং সাম্য প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনে বিএনপি অংশীদার হিসেবে ছিল কিন্তু আজ মসনদে বসে জুলাই গণভোটকে অস্বীকার করে তারা নানা অজুহাতে জুলাই গণভোটের রায় এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তা কখনও সম্ভব নয়। প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে গণভোটের রায় বাস্তবায়নের জন্য। আর তাতে বিএনপিকে চরম মূল্য দিতে হবে।
তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের যুগের ইতিহাস টেনে বিএনপির বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করে বলেন, এ দেশের আপামর জনগণ ৭১ দেখেছে, ৯০’র গণঅভ্যুত্থান দেখেছে আর সর্বশেষ জুলাই বিপ্লব দেখেছে। ক্ষমতা কখনও স্থায়ী হয় না। বিএনপি আওয়ামী লীগের মতো নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগির রাজনীতি করতে চায়, কিন্তু সেটা আর সম্ভব নয়।
মামুনুল হক বলেন, আওয়ামী লীগ উন্নয়নের গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী ছিল। তাই শুধু উন্নয়নের নাম ভাঙ্গিয়ে লুঠপাট করেছে আর ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। কিন্তু জনগণ ও দেশের মানুষের মন জয় করতে পারেনি। বিধায় অবৈধভাবে নির্বাচনের প্রহসন দেখিয়ে ১৭টি বছর দেশকে এক অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মামলা, জেল-জুলুম ও অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছিল- বিরোধী মতের মানুষদের ওপর। বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে, তাহলে তাদের পরিণতি আরও ভয়ঙ্কর হবে। আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভবুদ্ধির উদয় হবে।
তিনি দলবল নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণকে গণভোটের রায় বাস্তবায়নে যেকোন আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
এর আগে কুষ্টিয়ার জুলাই আহত যোদ্ধাদের পক্ষ থেকে আল্লামা মামুনুল হককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কুষ্টিয়া জেলা সেক্রেটারি মুফতি আরিফুজ্জামান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক প্রমুখ।
