শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে চারটি নতুন বই যুক্ত করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই যুক্ত হবে।

একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইটিও প্রায় সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মিডিয়া লিটারেসি, সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ সালের পাঠ্যবই সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জুলাইয়ের মধ্যেই এ কাজ শেষ করে বই মুদ্রণের প্রস্তুতি নেওয়া হবে, যাতে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া যায়।

১৮ জুলাই রাজধানীর একটি হোটেলে ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্যাব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্সে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে প্রাথমিক পর্যায় থেকেই দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ সময় তিনি দেশের সামগ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে এক সুতোয় বাঁধার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন শিক্ষাক্রমে পরিবর্তনের ইঙ্গিত অবশ্য গত ২০ মে-ই দিয়েছিলেন ববি হাজ্জাজ। সেদিন এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বের জন্য গড়ে তুলতে কারিকুলামে বড় পরিবর্তন আনা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, দুই শ্রেণিতে নতুন করে চারটি বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই যুক্ত হচ্ছে।’

এনসিটিবি জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই সংশোধিত ও নির্ভুল পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাঠ্যবই সংশোধনের পাশাপাশি নতুন কয়েকটি বইও সংযোজন করা হচ্ছে।

চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইয়ে সাতটি খেলার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আর ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক বিষয়, ডিজিটাল আসক্তি কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

ষষ্ঠ শ্রেণির ‘আনন্দময় শিক্ষা’ বইটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে। পর্যায়ক্রমে অন্য শ্রেণিতেও বইটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ‘আমার কারিগরি শিক্ষা’ বইটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করার লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে।

আইসিটি বইয়ের পরিবর্তন প্রসঙ্গে এনসিটিবি জানায়, বর্তমান বইগুলো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। তাই ষষ্ঠ থেকে দশম শ্রেণির আইসিটি বই প্রায় সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।