বাস্তুচ্যুতি মোকাবিলায় ১২ লাখ ৫০ হাজার ইউরোর প্রকল্প
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে চুক্তি করার কথা জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাংলাদেশে প্রকল্পটি বাস্তবায়নে ১২ লাখ ৫০ হাজার ইউরো ব্যয় করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রকল্পের আওতায় জলবায়ুজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান বিনিময় এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় অনিবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা হবে। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আয়োজিত অনুষ্ঠানে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএমের মিশনপ্রধান লরা টম বনডে প্রকল্প চুক্তিতে সই করেন।
