
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় অগ্রাধিকার এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই হবে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর। গতকাল ব্র্যাক সিডিএম, সাভারে অনুষ্ঠিত সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব প্রদান, সুশাসন সুদৃঢ? করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন আনা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এ কারণে উচ্চশিক্ষা খাতে একাডেমিক নেতৃত্ব, শিক্ষাদানের উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং গুণগত মান নিশ্চিত করতে একটি টেকসই জাতীয় শিক্ষক উন্নয়নব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি