জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৫ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য তিনি এ পদে অধিষ্ঠিত থাকবেন। জাতীয় অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতাদি ও অন্যান্য সকল সরকারি সুবিধা প্রাপ্য হবেন। শর্তানুযায়ী, তিনি কোনো সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দমতো যে কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণামূলক কাজ চালিয়ে যেতে পারবেন এবং তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত রাখবেন। এছাড়া সংযুক্ত প্রতিষ্ঠানের নিকট প্রতি বছর কাজের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কাজের অগ্রগতি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত রাখবেন এবং গবেষণালব্ধ ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে প্রেরণ করবেন।