ব্র্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

বললেন উপদেষ্টা জাহেদ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী মাসে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে যোগ দেবেন কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এক প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা তো ব্রিকসের সদস্য নই। আমাদেরকে পর্যবেক্ষক হিসেবে ইনভাইট করা হয়েছে। সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রী যাবেন কি না। ‘গেলে তো কারও কারও সঙ্গে বৈঠক করার সুযোগ থাকে। সে সিদ্ধান্ত এখনও হয়নি। সেই অর্থে এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা শুরু বলে আমার জানা নেই।’ গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। ১১ সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ।

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে চায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত স্পেসিফিকলি কোনো সিদ্ধান্ত হয়ে যায়নি। বহুপাক্ষিক যত জায়গা আছে, সবকিছুতেই চিন্তা আছে কানেক্টেড হওয়ার। ‘এক সময়ে এক সরকার পালিয়েছে, তারাও চিন্তা করেছে ব্রিকসের সদস্য হওয়ার। এটা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে, আমরা আরও বিচার বিবেচনা করব। জনগণের স্বার্থের পক্ষে যায়- যেকোনো ধরনের সিদ্ধান্ত সরকার নেবে।’

২০২৪ সালের অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এরপর গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয় দুই তরফেই।