সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট
বিরোধী দলের ‘অপেক্ষায়’ বিএনপি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার নাকি সংশোধন- এই প্রশ্নে বিরোধ রেখেই জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত যে বিশেষ কমিটি হয়েছে, তারা প্রথমবারের মতো ৪ আগস্ট বৈঠকে বসতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন এই কমিটি বৈঠকটি হবে জাতীয় সংসদে। ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আগামী ৪ অগাস্ট সংবিধান সংশোধন কমিটির বৈঠক হবে বলে জানানো হয়েছে। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার দুই দিন আগে ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনসংক্রান্ত ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন বিরোধী দল গণভোটের রায়কে উপেক্ষা করে এই কমিটি করার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে। বিরোধী দলের জন্য পাঁচটি পদশূন্য রাখা হলেও বিশেষ কমিটিতে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো নাম প্রস্তাব করেনি। সংসদে তারা বলেছেন, কমিটির ধারণাগত ভিত্তিই তারা গ্রহণ করেন না; তাই এতে সদস্য দেওয়ারও প্রশ্ন আসে না। তবে বিএনপি বলছে, যেকোনো সময় জামায়াত নাম প্রস্তাব করলে তাদের যুক্ত করা হবে।
প্রথমে ১৭ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এতে বিএনপির সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন, গণসংহতি আন্দোলনের একজন, গণঅধিকার পরিষদের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, স্বতন্ত্র একজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা ছিল। সে দিন সংসদে চিফ হুইপ জানান, বিরোধী দলের সদস্যদের নাম চেয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও তারা এখন পর্যন্ত কোনো নাম দেননি। তাই বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদশূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। কমিটির সদস্যরা হলেন- সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ। গতকাল বুধবার সন্ধ্যায় জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বলেন, ‘আমরা সংশোধন কমিটিতে কোনো নাম দেব না। আমরা এতে যুক্ত হচ্ছি না।’ কমিটিতে না গেলেও সংসদে কথা বলার সুযোগ আছে, বলেন নাজিবুর রহমান। তার ভাষ্য, ‘কমিটি তো সংসদে পাশ হয়েছে। আর সুযোগ নেই। তাছাড়া আমরা সংসদে ও সংসদের বাইরে তো কথা বলবই।’ জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘সরকার ইতোমধ্যে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দেখতে চাই, সেটা তারা পূরণ করে কিনা।’ তবে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলছেন, ‘জামায়াতে ইসলামী যেকোনো সময় নাম দিলেই তাদের নাম যুক্ত করা হবে। এরপর সংসদে তা তোলা হবে।’ জামায়াতের পক্ষ থেকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি না করে ‘সংস্কার কমিটি’ করার প্রস্তাব ছিল।
