জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানের প্রাপ্য মর্যাদা নিশ্চিতের নির্দেশ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকার রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সরকারি বিভিন্ন প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
গত ৩০ জুলাই স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করতে হবে। জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
