নলতায় আহ্ছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আহ্ছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পৃথক তিনটি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির মোট ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৫ম থেকে ৭ম শ্রেণির ৩৭ জন শিক্ষার্থী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষে ‘কাজী নজরুল ইসলামের জীবনী’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যদিকে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দ্বিতীয় তলার হলরুমে ৮ম থেকে ১০ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী ‘হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষা বিস্তার’ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থী ‘জুলাইয়ের চেতনা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া পাবলিক লাইব্রেরির অডিটর শিক্ষক মশিউজ্জামান, সম্পাদক আলহাজ্ব আবুল ফজল, সহ-সভাপতি মো. খাইরুল হাসান, কোষাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষক মো. আনোয়ারুল হক, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক মাহমুদুন্নবী খান, শিক্ষক আব্দুস সাত্তার, নলতা মাদ্রাসার স্টাফ শাহরিয়ার, আহছানিয়া মিশনের স্টাফ মিজানুর ও ইদ্রীস আলীসহ সংশ্লিষ্টরা। পরীক্ষা শেষে আহ্ছানিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক আলহাজ্ব আবুল ফজল বলেন, ‘১৯৮১ সালে লাইব্রেরি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা পাঠ প্রতিযোগিতার আয়োজন করি। প্রতিযোগিতার বিষয়গুলো আগেই জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।’ তিনি বলেন, শিক্ষার্থীদের বইপাঠে আগ্রহী করে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
