প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের শিক্ষা খাতভিত্তিক উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় এ চুক্তি করা হয়েছে। এই অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে টিউশন ফি সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক হিসাব, বেতন ব্যবস্থাপনা, বিশেষ সঞ্চয়ী হিসাব, প্রয়োজনভিত্তিক ঋণসুবিধা, অগ্রাধিকারভিত্তিক ক্রেডিট কার্ড সেবাসহ বিভিন্ন নন ব্যাংকিং ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সুযোগ। সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান উপস্থিত ছিলেন। এ সময় তারা স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
