দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে যাচ্ছে
বললেন নাহিদ ইসলাম
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ?্যালায়েন্স। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকট ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়।
বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কোন প্রটেস্ট করতেছি, যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, সরকারের পক্ষ থেকে তখন এটাকে বলা হচ্ছে হটকারিতা। সরকারের প্রথমে সর্বোচ্চ জায়গা থেকে এটা বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষ ভূমিকা চাই।
