নবম পে-স্কেল
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। নতুন এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি ই-বুকে এই তথ্য জানানো হয়। বইটিতে ‘নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামের একটি উপ-বিভাগে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ই-বুকে উল্লেখ করা হয়েছে, প্রথম বছর সরকারি চাকরিজীবীদের শুধু মূল বেতন কার্যকর হবে। এর পরের বছর বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেতন ও ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তীকালীন সরকার ২৩ সদস্যবিশিষ্ট ‘নবম জাতীয় বেতন কমিশন’ গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন দাখিল করে। জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল।
কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন কাঠামো ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পরবর্তীতে এই সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন। এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী ঘোষণা দেন যে, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
