ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় যেকোনো দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গতকাল সোমবার শুনানি শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর ফলে আইনি প্রক্রিয়া অনুযায়ী যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা হতে পারে।
এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইশরাত জাহান। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অভিযুক্ত এই সাতজনই বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, গত ২ আগস্ট এই মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
